সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:১২ অপরাহ্ন
ডেস্ক:
বিবাহ বিচ্ছেদ ঘটেছে বেশ আগই। তবু যেন কোথায় একটা অদৃশ্য যোগাযোগ রয়ে গেছে। তা না হলে কী আর এভাবে মিলে যায়! একজন বললেন, ‘সারপ্রাইজ আছে’; আরেকজন বললেন ‘সারপ্রাইজের অপেক্ষায় আছি’! সোশ্যাল মিডিয়া ফেসবুকে দেওয়া পোস্টে এমন অদৃশ্য বন্ধনের ইঙ্গিত মিলেছে তাহসান ও মিথিলার। গতকাল বুধবার রাতে অভিনেতা ও জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান ফেসবুকে লিখেছেন, ‘এই শনিবার রাতে তোমার জন্য একটি সারপ্রাইজ আছে’। এর কিছু সময় পরই অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ফেসবুকে লিখেছেন,’সত্যিই? সারপ্রাইজের জন্য অপেক্ষায় আছি!’ প্রাক্তন এই দম্পতির দুজনের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের পোস্টের নিচে কমেন্ট করছেন ভক্তরা। তাহসানের ‘সারপ্রাইজের’ জন্য যেমন ভক্তরা অপেক্ষায় আছেন; তেমনি মিথিলাও কী আছেন অপেক্ষায়? এমন প্রশ্নই ঘুরছে তাহসান-মিথিলার ভক্তদের মনে। অবশ্য কে কাকে সারপ্রাইজ দিচ্ছেন, সে রহস্য এখনও ফাঁস করেননি দুই তারকার কেউই। তাই শেষ পর্যন্ত অপেক্ষায়ই থাকতে হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের। দীর্ঘ ১১ বছর সংসার জীবনের পর ২০১৭ সালের অক্টোবরে বিচ্ছেদ হয় তাহসান ও মিথিলার। এরপর ২০১৯ সালের ডিসেম্বরে ভারতীয় পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে করেন মিথিলা। আর তাহসানের বিয়ে নিয়ে এখনও কোনও খবর আসেনি সংবাদ মাধ্যমগুলোতে।