শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক ফলাফল পেতে শুরু করেছেন প্রার্থীরা। যদিও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে চূড়ান্ত ফলাফল পেতে আরও সময় লাগবে, তবে তার আগেই প্রিজাইডিং অফিসারদের কাছ থেকে পাওয়া কেন্দ্রভিত্তিক ফলাফল অনুযায়ী বরিশাল জেলার ছয়টি আসনেই বিএনপির প্রার্থীরা এগিয়ে রয়েছেন।
বরিশাল সদরে বিএনপির সঙ্গে লড়াইয়ে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। এছাড়া বাকি পাঁচটি আসনে জামায়াত ও জামায়াত-সমর্থিত প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে ১৪০টি কেন্দ্রের মধ্যে ৯ কেন্দ্রের ফলাফল অনুযায়ী ধানের শীষ প্রতীকের সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু পেয়েছেন ১১ হাজার ৪৭৩ ভোট। দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুল মন্নান পেয়েছেন ১ হাজার ৩৪১ ভোট।
এছাড়া বরিশাল-৫ (সদর) আসনের ১৭৬টি কেন্দ্রের মধ্যে ১০টির ফলাফল অনুযায়ী ধানের শীষ প্রতীকের অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার পেয়েছেন ৭ হাজার ৪২৪ ভোট।
এদিকে শুধু বরিশাল-৬ আসনে পাওয়া গণভোটের তথ্যানুযায়ী ‘হ্যাঁ’ পেয়েছে ১০ হাজার ৪০৫ ভোট এবং ‘না’ পেয়েছে ৪ হাজার ৯৮৯ ভোট।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এ বরিশাল জেলার ১০টি উপজেলায় মোট ভোট পড়েছে ৫৭ দশমিক ২৯ শতাংশ।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, বরিশালের ছয়টি সংসদীয় আসনের অন্তর্ভুক্ত ১০টি উপজেলার মধ্যে গৌরনদীতে ৬২ দশমিক ০১ শতাংশ, আগৈলঝাড়ায় ৬১ দশমিক ৭১ শতাংশ, উজিরপুরে ৫৮ দশমিক ০২ শতাংশ, বানারীপাড়ায় ৬১ দশমিক ৭৯ শতাংশ, মুলাদীতে ৫১ দশমিক ৭৯ শতাংশ, বাবুগঞ্জে ৫৪ দশমিক ৫ শতাংশ, মেহেন্দিগঞ্জে ৫৬ দশমিক ৭৪ শতাংশ, হিজলায় ৬০ দশমিক ৫৬ শতাংশ, বরিশাল সদরে ৫১ দশমিক ৮৩ শতাংশ এবং বাকেরগঞ্জে ৫৩ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে।
এদিকে বরিশাল জেলার ছয়টি সংসদীয় আসনে ২৯ হাজার ৪৭৭ জন পোস্টাল ব্যালটের জন্য আবেদন করলেও ভোট দিয়েছেন ২২ হাজার ৭৬ জন। এতে পোস্টাল ভোট প্রদানের হার দাঁড়িয়েছে ৭৪ দশমিক ৮৯ শতাংশ।