বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
ভোলা :::
ভোলার তজুমদ্দিনে ২৫ বছর বয়সী এক সন্তানের মা, বাক্প্রতিবন্ধী নারীকে গণধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার আসামিরা হলেন – চাঁদপুর ইউনিয়নের শশীগঞ্জ গ্রামের মো. ছালেম মিয়ার ছেলে মো. রাকিব (৩০), একই গ্রামের আবদুল মান্নানের ছেলে মো. জুয়েল (৩৫), মাওলাকান্দি গ্রামের মো. আলীর ছেলে মো. আল আমিন সম্রাট (২০)।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) তজুমদ্দিন থানা হলরুমে এক প্রেস রিলিজের মাধ্যমে এসব তথ্য জানায় পুলিশ।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম জানান, গত ২২ ফেব্রুয়ারি রাতে বাক্প্রতিবন্ধী এক নারী তজুমদ্দিন থানার চাঁদপুর ইউনিয়নের একটি ধর্মীয় অনুষ্ঠান (কীর্তন) দেখে বাড়ি ফিরছিলেন। রাস্তায় থাকা আসামিরা তাকে প্রলোভন দেখিয়ে অটোরিকশায় করে অজ্ঞাত স্থানে নিয়ে পালাক্রমে গণধর্ষণ করে। ধর্ষণের পর গুরুতর অবস্থায় চাঁদপুর ইউনিয়নের শশীগঞ্জ এলাকার একটি রাস্তার পাশে ফেলে রেখে যায়। স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ভুক্তভোগীর পরিবার তাকে উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে তজুমদ্দিন থানায় একটি মামলা দায়ের করেন। তজুমদ্দিন থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার একাধিক টিম তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা ঘটনার সঙ্গে সম্পৃক্ততা স্বীকার করেছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।