ধর্ষণের শিকার মাগুরার সেই ৮ বছরের শিশুর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। একদিনে শিশুটির চারবার হার্ট অ্যাটাক হয়েছে। রক্তে লবণের ভারসাম্যহীনতার কারণে ডায়ালাইসিস করা হচ্ছে।
বাংলাদেশ আর্মির ভেরিফায়েড ফেসবুক পেইজে বুধবার দিবাগত রাত ১১টা ৪৯ মিনিটে এ তথ্য জানানো হয়েছে। শিশুটি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছে।
মাগুরার শিশুটির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে পোস্টে জানানো হয়েছে, সিএমএইচের শিশু বিভাগের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটতে (পিআইসিইউ) চিকিৎসাধীন শিশুটি বুধবার চারবার হার্ট অ্যাটাক করেছে। পরে কার্ডিও পালমোনারি রিসাসিটেশনের (CPR) মাধ্যমে তাকে স্থিতিশীল করা হয়। শিশুটির রক্তে লবণের ভারসাম্যহীনতার কারণে ডায়ালাইসিস করা হচ্ছে। পাশাপাশি শিশুটির রক্তচাপ ধীরে ধীরে কমে যাচ্ছে।
ওই পোস্টে আরও বলা হয়েছে, সম্মিলিত সামরিক হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত উচ্চপর্যায়ের চিকিৎসা পর্ষদ সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে শিশুটির জীবন রক্ষার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এর আগে, গত ৮ মার্চ সন্ধ্যার দিকে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পিআইসিইউ থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়।