সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

রূপগঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণ

রূপগঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণ

ছবি: অনলাইন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চকোলেট কিনে দেওয়ার কথা বলে ইব্রাহিম (৫৫) নামে এক ব্যবসায়ী ৭ বছরের শিশুকে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার রূপসী বাঘবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাতে ধর্ষিত শিশুর বাবা-মাকে হুমকি দিয়ে ৫ হাজার টাকায় রফাদফা করে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায়।

এদিকে রাত ১১টার দিকে এলাকাবাসী বিষয়টি জানতে পেরে অভিযুক্ত ইব্রাহিমের বাড়ির সামনে বিক্ষোভ করেন। ইব্রাহিম সুনামগঞ্জ জেলার বিঞ্চামপুর এলাকার আব্দুল মিয়ার ছেলে। বর্তমানে সে তারাবতে একটি ভাড়া বাসায় বসবাস করছে।

স্থানীয়রা জানান, শিশুটির পরিবার রূপসী বাঘবাড়ি এলাকায় তানসেন নামে একজনের বাড়িতে ভাড়া থাকে। ইব্রাহিম রূপসী বাঘবাড়ি ব্রিজ এলাকায় কাঁচামালের ব্যবসা করে। ইব্রাহিম শিশুটিকে চকোলেট কিনে দেওয়ার কথা বলে তার দোকানের ভেতরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় জনৈক জালালের স্ত্রী ইব্রাহিমের দোকানে শুঁটকি কিনতে গিয়ে ধর্ষণের বিষয়টি দেখে স্থানীয়দের খবর দেন এবং বিকেলে শিশুটি তার বাবা-মাকে বিষয়টি জানায়।

শিশুটির পরিবার যে বাসায় ভাড়া থাকে সেই বাড়িওয়ালা তানসেন ও তারাব পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাবেলের বড় ভাই রুবেল ও স্থানীয় প্রভাবশালী পলিনসহ কয়েকজন মিলে ধর্ষণের ঘটনায় ক্ষতিপূরণ বাবদ ৫ হাজার টাকা শিশুর পরিবারকে দেবেন বলে আশ্বাস দেন। রাত ৯টার দিকে এলাকাবাসী ধর্ষণের বিষয়টি জানতে পেরে রুবেলের বাড়ির সামনে বিক্ষোভ করে বাড়িটি ঘিরে ফেলেন। এ সময় উত্তেজনা বাড়তে দেখে রুবেল ও তানসেন মিলে ইব্রাহিমকে বাড়ি থেকে বের হয়ে পালাতে সহযোগিতা করেন বলে অনেকেই অভিযোগ করেন। রাত ১১টার দিকে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলীসহ পুলিশ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পৌঁছান। পরে পুলিশ শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। অভিযুক্ত ইব্রাহিমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও পুলিশ জানায়।

শিশুটির বাবা বলেন, ‘আমার মেয়ের বয়স ৭ বছর। আমি দিনমজুরের কাজ করি। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে কাজ থেকে ফিরে এসে শুনতে পাই আমার মেয়েকে ইব্রাহিম ধর্ষণ করেছে। আমি এখানে ভাড়া থাকি। বাড়িওয়ালা তানসেন ও রুবেলসহ কয়েকজন মিলে আমাকে চাপ দিয়ে ৫ হাজার টাকা দেবে বলে বিষয়টি ধামাচাপা দিতে বলেন। আমি মেয়ের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিচার চাই। ইব্রাহিম আমার মেয়েকে এর আগেও বেশ কয়েকবার ধর্ষণ করেছে। বলেছে যদি কাউকে একথা বলি তাহলে তাকে হত্যা করবে।’ এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, ভিকটিমের পরিবারের সাথে কথা বলা হচ্ছে। বাকি ঘটনা পরে বলা যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD